অপহরণের পর স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় অপহরণের পর নবম শ্রেণির এক ছাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। একই দিন সিলেটের বিশ্বনাথে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ছাত্রীর নাম তানিয়া আক্তার। সে দিরাইয়ের চণ্ডীপুর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে। এ ঘটনায় তানিয়ার পরিবারের পক্ষ থেকে দিরাই থানায় প্রথমে অপহরণ ও পরে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চণ্ডীপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে নাইম আহমদ (২২) গত ৩০ জুলাই তানিয়া আক্তারকে অপহরণ করে কিশোরগঞ্জের করিমগঞ্জে নিয়ে যায়। গত সোমবার সকালে নাইমের পক্ষ থেকে তানিয়ার পরিবারকে জানানো হয়, তানিয়া আত্মহত্যা করেছে। তারা লাশ নিয়ে বাড়িতে আসছে। পরে সুনামগঞ্জ থেকে তানিয়ার পরিবারের সদস্যরা করিমগঞ্জে গেলে একটি নৌকায় লাশ রেখে নাইম ও তার সঙ্গীরা পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার তানিয়ার পরিবার তার লাশ নিয়ে এলাকায় আসে। এ ঘটনায় গত সোমবার রাতেই পুলিশ নাইমের চাচাতো ভাই নজরুল (২২) ও রফিকুলকে (২৩) গ্রেপ্তার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েছ আলম জানান, তানিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তানিয়াকে হত্যার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। অন্যদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।
বিশ্বনাথে উপজেলার কাবিলনগর গ্রাম থেকে রাহেনা বেগম (৪৩) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত চান্দ আলীর মেয়ে। গতকাল দুপুরে বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। কীভাবে রাহেনার মৃত্যু হয়েছে তা পরিবারের কেউ জানেন না বলে জানিয়েছেন। বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) কল্লোল গোস্বামী জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।