অপহরণের পর হত্যার অভিযোগ পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলতলি গ্রামের গভীর বন থেকে গত মঙ্গলবার আবদুর রাজ্জাক আকন্দ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাঁকে অপহরণের পর হত্যা করা হয়েছে।

এ ঘটনায় আবদুর রাজ্জাকের মেয়ে রুবাইয়া আক্তার গতকাল বুধবার ৬ জনকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা করেছেন। আসামিরা হলেন রাজ্জাকের বড় ভাই মজিবুর রহমান আকন্দ, একই এলাকার রুবেল আকন্দ, মনিরুজ্জামান আকন্দ, ফারুক, কামাল আকন্দ ও ফোরকান। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

গত ২৮ জুলাই বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন বেলতলি গ্রামের কৃষক আবদুর রাজ্জাক। কোথাও খুঁজে না পেয়ে ২৯ জুলাই তাঁর স্ত্রী ছাইদুন্নাহার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের বন থেকে রাজ্জাকের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

রাজ্জাকের স্ত্রী ছাইদুন্নাহার বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁর স্বামীকে প্রায় সময় হুমকি দিতেন তাঁর এক ভাশুর ও ভাশুরের ছেলেরা। তাঁর অভিযোগ, ভাশুর ও ভাশুরের ছেলেরা তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে অপহরণের পর হত্যা করে লাশ বনের ভেতর ফেলে গেছে।

মামলার বাদী রুবাইয়া আক্তার বলেন, তাঁর বাবা সহজসরল। সেই সুযোগে জমির ভাগ-বাঁটোয়ারার ব্যাপারে তাঁর বাবাকে ঠকাতে চাইতেন চাচা।এ নিয়ে তাঁদের পরিবারের সদস্যদের অনেকবার মেরে ফেলার হুমকিও দিয়েছেন চাচা ও চাচাতো ভাইয়েরা। তাঁর সহজসরল বাবা জমিজমা নিয়ে চাচাদের সঙ্গে ঝগড়া করতে চাইতেন না। তিনি বলেন, মামলা করার পর থেকে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত।

অভিযোগ অস্বীকার করে আবদুর রাজ্জাকের বড় ভাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মজিবুর রহমান বলেন, ভাইয়ের সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবদুস সাত্তার জানান, বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে আবদুর রাজ্জাকের লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।