অপহরণের পাঁচ দিন পর বালুর নিচে মিলল শিশুর লাশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহরণের পাঁচ দিন পর বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় সাত বছরের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫০ হাজার টাকা মুক্তিপণের জন্য প্রথম শ্রেণির শিক্ষার্থী তাজুল ইসলামকে গত শুক্রবার অপহরণ করা হয়।
পাশের সোনারগাঁ উপজেলার কাহিনা এলাকার ইউএস বাংলা আবাসন কোম্পানির মালিকানাধীন এলাকায় বালুর নিচে শিশু তাজুলের লাশ পুঁতে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়। অপহরণের পর মঙ্গলবার সন্দেহভাজন হিসেবে স্থানীয় যুবক সুমন মিয়াকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে ওই রাতে কাহিনা এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গত শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকার ভাড়াটে আবদুল আউয়ালের ছেলে ও স্থানীয় ভুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র তাজুল ইসলামকে স্থানীয় গোলাকান্দাইল মেলা থেকে খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই দিন রাতেই তাজুল ইসলামের বড় ভাই মাজাহারুল ইসলামের কাছে মুঠোফোনে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। ছেলেকে না পেয়ে আবদুল আউয়াল শনিবার রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার বিকেলে তাজুল ইসলামকে ছেড়ে দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে আবদুল আউয়ালের কাছ থেকে ৫ হাজার টাকা নেয় এক অপহরণকারী।
প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার রাত সাতটার দিকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কিশোরগঞ্জের করিমপুর উপজেলার সাতারপুর গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে সুমন মিয়াকে গ্রেপ্তার করে। তিনি রূপগঞ্জ ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় ভাড়া থাকেন।
গোয়েন্দা পুলিশের কাছে সুমন স্বীকার করেছেন, তিনি ও তাঁর সহযোগী মামুন মিলে মুক্তিপণের জন্য তাজুলকে অপহরণ করেন। পরে সে চিৎকার-চেঁচামেচি করায় শুক্রবার রাতেই তাকে হত্যা করে সোনারগাঁয়ের কাহিনা এলাকার ইউএস বাংলা আবাসন কোম্পানির বালুর নিচে লাশ পুঁতে কচুরিপানা দিয়ে ঢেকে রাখেন। সুমনের দেওয়া তথ্যে মঙ্গলবার রাত ১১টার দিকে তাজুলের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
আবদুল আউয়াল রূপগঞ্জে রাজমিস্ত্রির কাজ করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। অপহরণকারী ও হত্যার মূল হোতা সুমন পুলিশি হেফাজতে রয়েছেন। তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।