অপহরণের পাঁচ দিন পর লাশ মিলল নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সলোক হোসেন
সলোক হোসেন

অপহরণের পাঁচ দিন পর চুয়াডাঙ্গার সদর উপজেলা থেকে এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নবগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম সলোক হোসেন (১৭)। সে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কাবিলনগর এলাকার গজাইড়েপাড়ার বাসিন্দা।
পুলিশ ও বোয়ালিয়া গ্রামবাসী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন নবগঙ্গা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা, সিন্দুরিয়া, সরোজগঞ্জ ও শম্ভুনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। এদিকে লোকমুখে লাশ পাওয়ার খবরে কাবিলনগর থেকে সলোকের মা নিগারন খাতুন, মামা জহুরুল ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা সেখানে উপস্থিত হন। এরপর গায়ের জামা দেখে লাশটি সলোকের বলে শনাক্ত করেন নিহত কিশোরের মামা।
পারিবারিক সূত্রে জানা যায়, সলোক দিনমজুর সামসুল হকের ছেলে। গত শনিবার রাতে সে পাশের গ্রাম তিওরবিলা থেকে বাড়ি ফিরছিল। পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। তখন থেকে সে নিখোঁজ ছিল। সলোককে খুঁজে না পেয়ে সামসুল হক আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জহুরুল ইসলাম বলেন, অপহরণের দুই দিন পর গত সোমবার সকালে বাড়ির সামনের রাস্তায় সলোকের ব্যবহৃত মুঠোফোনটি পাওয়া যায়। ওই দিন সকাল ও সন্ধ্যায় দুটি মুঠোফোন নম্বর থেকে সলোকের নম্বরে ফোন আসে। অপহরণকারীরা এ সময় ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু দাবি করা মুক্তিপণের টাকা হতদরিদ্র পরিবারের পক্ষে পরিশোধ করা সম্ভব হয়নি। মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণকারীরা সলোককে খুন করেছে বলে দাবি করেন তিনি।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল বলেন, লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সুপারের পরামর্শক্রমে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।