অপহরণের পাঁচ দিন পর শিশুর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে অপহরণের পাঁচ দিন পর শিশুর লাশ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোল্লাডাঙ্গা মহল্লা থেকে কবিতা (৪) নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
এর আগে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর গ্রামের শিহাব রেজা (২৪) ও শংকরবাটি মহল্লার সাগর আহমেদকে (২৪) আটক করে র্যাব। শিহাব কবিতার বাবা কোরবান আলীর খালাতো ভাই। কবিতার অপহরণের পর সে নিখোঁজ বলে বিভিন্ন স্থানে মাইকিং করেছেন শিহাব। এমনকি কোরবান আলীর সঙ্গে র্যাব ক্যাম্পসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও যান কবিতাকে উদ্ধারের জন্য।
র্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামান এবং কবিতার আত্মীয় স্থানীয় পৌর কাউন্সিলর আবদুল বারেক জানান, গত ৩০ আগস্ট পৌর এলাকার কালীগঞ্জ-ফুলবাগান মহল্লার কোরবান আলীর মেয়ে কবিতাকে নিজ বাড়ির সামনে থেকে অপহরণ করে শিহাব ও সাগর। এরপর তারা কোরবান আলীর কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কোরবান আলী বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা প্রদান করেন। বাকি টাকা দেওয়ার জন্য অপরহণকারীরা বৃহস্পতিবার তাঁকে গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় মহানন্দা সেতুর কাছে আসতে বলে। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া র্যাব সদস্যরা শিহাব ও সাগরকে ধরে ফেলেন। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ১০টার দিকে পোল্লাডাঙ্গা মহল্লার মুনসুরের চাতালের পেছনে মাটিতে পুঁতে রাখা কবিতার লাশ উদ্ধার করা হয়।
মেজর কামরুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা জানিয়েছে, কবিতাকে অপহরণের দিনই শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর তার লাশ একটি বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। কিন্তু সেখান থেকে গন্ধ বের হলে লাশ তুলে চাতালের পেছনে পুঁতে ফেলা হয়।