অপহরণের শিকার বিএনপি নেতার হাড়গোড় উদ্ধার
অপহরণের এক বছর পর বিএনপি নেতা ও ইট ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজের হাড় উদ্ধারের দাবি করেছে পুলিশ। কুমারখালী থানার পুলিশ গত বুধবার রাতে কুমারখালী উপজেলার মাস-উদ রুমী সেতুসংলগ্ন গড়াই নদের বালুচর থেকে এ হাড়গোড় উদ্ধার করে।
পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া এক আসামির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বালুচাপা দেওয়া হাড় উদ্ধার করা হয়েছে।
মিরাজুল ইসলাম কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকার মৃত আবদুল গণির ছেলে। তিনি একই উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
গত বছরের ৪ জুন রাত ১০টার দিকে কুমারখালী উপজেলার জয়নাবাদ এলাকা থেকে মিরাজ নিখোঁজ হন। ৫ জুন মিরাজের স্ত্রী সখী খাতুন কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৬ জুন দুপুরে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর পুলিশ কয়েক দফা চেষ্টা চালিয়েও কূলকিনারা করতে ব্যর্থ হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া এক আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবিন্দতে মিরাজকে হত্যা করে বালুচাপা দেওয়া হয়েছিল বলে স্বীকার করেন। স্বীকারোক্তি অনুযায়ী ওই আসামিকে নিয়ে বুধবার রাত নয়টায় মিরাজের ইটভাটাসংলগ্ন গড়াই নদের পাশে বালুচর খুঁড়ে কিছু হাড় উদ্ধার করে পুলিশ। এ সময় সেখানে মিরাজের পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, এসব হাঁড় নিখোঁজ মিরাজের। এগুলো ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। ডিএনএ পরীক্ষা করলেই সব জানা যাবে।
জয়নাবাদ এলাকায় গড়াই নদের পাশে গড়াই নামে মিরাজের একটি ইটের ভাটা আছে। তাঁর এক ছেলে জিলা স্কুল ও এক মেয়ে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।