অপহরণের সাত দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভার থেকে অপহৃত হওয়ার এক সপ্তাহ পর একই এলাকা থেকে গতকাল বুধবার এক কিশোরকে উদ্ধার করেছে র‍্যাব। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব-৪ এসব তথ্য জানিয়েছে।

উদ্ধার হওয়া কিশোরের নাম নয়ন আলী (১৪)। সে সাভারের রাজফুলবাড়িয়া খাতরাপাড়া মাদ্রাসার ছাত্র। মা ও বোনের সঙ্গে সাভারের কলমা এলাকায় ভাড়া বাসায় থাকে নয়ন। তার বাবা সৌদিপ্রবাসী জাহাঙ্গীর আলম। তাঁদের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়।

গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন পাঁচ অপহরণকারী হলো—নয়নের মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমানের ছেলে নোমান হোসেন, বন্ধু সেলিম, সেলিম ওরফে লম্বা সেলিম, সাকিব হোসেন ও রাজিব হাসান। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা হয়েছে।

নয়নের মা খাদিজা বেগমের ভাষ্য, তিনি পোশাক তৈরির একটি কারখানায় চাকরি করেন। থাকেন সাভারের কলমা এলাকায় ভাড়া বাসায়। ১৪ জুলাই দুপুরে নয়নকে বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয়। পরদিন মোবাইল ফোনের মাধ্যমে তাঁর কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি র‍্যাব-৪-এর সাভার ক্যাম্পকে অবহিত করেন তিনি। পরে র‍্যাব নয়নকে উদ্ধার করে।

র‌্যাব-৪ সূত্রের ভাষ্য, গতকাল বেলা আড়াইটার দিকে সাভারের ভরালী বটতলা এলাকার জনৈক রাজিব হাসানের ভাড়া বাসায় অভিযান চালিয়ে নয়নকে উদ্ধার করা হয়। এ সময় নোমান, সেলিম ও রাজিবকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে সাভারের তেতুলঝোড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় লম্বা সেলিম ও সাকিবকে।

র‌্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, নয়নকে পরিকল্পিতভাবে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। প্রযুক্তির সাহায্যে অপহরণকারীদের গতিবিধির ওপর নজর রেখে নয়নকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় পাঁচ অপহরণকারীকে।