অপহরণের সাত দিন পর কৃষকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের সাত দিন পর সিরাজগঞ্জ সদর উপজেলার চর জারিলা গ্রামের ধঞ্চেখেত থেকে আবদুল হাই ভূঁইয়া (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে।
থানা-পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সূত্রে জানা গেছে, ১২ জুন রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুরকা গ্রামের কৃষক আবদুল হাই ভূঁইয়াকে অপহরণকারীরা ঘুরকা বাজার এলাকা থেকে অপহরণ করে। এরপর তাঁর মুঠোফোন থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুদিন পর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। গতকাল সয়দাবাদ ইউনিয়নের চর জারিলা গ্রামের ধঞ্চেখেতে কাপড় দিয়ে দুই পা বাঁধা অবস্থায় অর্ধগলিত একটি লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে।
আবদুল হাইয়ের ভাতিজা রফিকুল আলম বলেন, অপহরণকারীরা মুক্তিপণ দাবি করার দুদিন পর মুঠোফোন বন্ধ করে দেয়। এরপর থেকে কোনো যোগাযোগ ছিল না। উদ্ধার করা লাশ বিকৃত হয়ে যাওয়ায় পরনের লুঙ্গি দেখে শনাক্ত করা হয়েছে। সদর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, লাশটির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন ছিল। লাশটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।