অপহরণের সাত দিনেও উদ্ধার হয়নি কলেজছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরতলির একটি এলাকা থেকে গত রোববার এক কলেজছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরদিন এ ঘটনায় থানায় মামলা হয়। ঘটনার সাত দিন পরও মেয়েটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
পুলিশ, পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দাপুনিয়া এলাকার এক তরুণ মেয়েটিকে বেশ কিছু দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। রোববার সকাল সাড়ে নয়টার দিকে আরও কয়েকজন যাত্রীর সঙ্গে ভ্যানে করে মেয়েটি কলেজে যাচ্ছিল। ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের কসাইবাড়ি এলাকায় পৌঁছালে ওই তরুণ ভ্যানের গতি রোধ করে মেয়েটিকে টেনেহিঁচড়ে নামিয়ে একটি মাইক্রোবাসের সামনে নেয়। মাইক্রোবাসের ভেতর থেকে আরও কয়েকজন মেয়েটিকে জোর করে তুলে নিয়ে চলে যায়। এ ঘটনায় পরদিন সোমবার ওই তরুণকে প্রধান করে এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়।
গতকাল শনিবার মেয়েটির মা বলেন, ‘পুলিশের কাছে আমাদের চাওয়া, মেয়েকে জীবিত উদ্ধার করে আমার কোলে ফিরিয়ে দেওয়া হোক।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম গতকাল বলেন, এ ঘটনায় পুলিশ ওই তরুণের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। মেয়েটিকে উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করে যাচ্ছে।