অপহরণের হুমকি,ছাত্রের স্কুলে যাওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের এক স্কুলছাত্রকে অপহরণ করার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর পর থেকে মাইজবাগ ইউনিয়নের মল্লিকপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ওয়াদুদ মিয়া স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। ওয়াদুদ ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় গত রোববার নুরুল ইসলাম ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি, ওয়াদুদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশী আজিজুর রহমানের সঙ্গে নুরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত জুলাইয়ের শেষ দিকে আজিজুর রহমান নুরুল ইসলামের ছেলে ওয়াদুদকে অপহরণ ও গুম করে ফেলার হুমকি দেন। এর পর থেকে ওয়াদুদকে স্কুলে যেতে দিচ্ছে না তার পরিবার।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের বেশ কয়েকটি পরিবারের সঙ্গে আজিজুর ও তাঁর দুই ভাইয়ের বিরোধ রয়েছে। গত ২৫ আগস্ট আজিজুরের দুই ভাই রফিকুল ইসলাম ও শাজাহান মিয়া একই এলাকার এক ব্যক্তির মেয়েশিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে গ্রামবাসীর প্রতিরোধের মুখে রফিকুল ও শাজাহান পালিয়ে যান। আজিজুর ও তাঁর ভাইয়েরা বর্তমানে গ্রামে না থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মল্লীকপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোনায়েম জানান, নুরুল ইসলামের ছেলে ওয়াদুদ ঈদের ছুটির পর থেকে বিদ্যালয়ে আসছে না। তবে তিনি এর কারণ বলতে পারেননি।
ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জিডি করার খবর নিশ্চিত করে বলেন, এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, আজিজুর রহমান গ্রামছাড়া। তিনি আরও জানান, একটি মেয়েশিশুকে অপহরণ করার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে রফিকুল ও শাজাহানের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।