মুক্তিপণের দাবিতে অপহরণের ১১ দিন পর রাজশাহীর বাঘা উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে র্যাব-৫-এর সদস্যরা উদ্ধার করেছেন। একই সঙ্গে তাঁরা চার অপহরণকারীকে আটক করেছেন। গতকাল বুধবার রাজশাহী নগরের মোল্লাপাড়ায় অবস্থিত র্যা ব-৫-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব এ তথ্য জানায়।
উদ্ধারকৃত শিক্ষকের নাম এমদাদুল হক (৫৫)। বাড়ি বাঘার ছাতারী গ্রামে। তিনি ছাতারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। আটক চার আসামি হলেন মোশাররফ হোসেন (৪১), বুলু আকন্দ (৫৬), শাহ আলম (২৫) ও আবদুর রাজ্জাক (৪০)। মঙ্গলবার বিকেলে নাটোরের আটঘোলা এলাকা র্যাব সদস্যরা অভিযান চালিয়ে দুটি দেশীয় ধারালো অস্ত্রসহ তাঁদের আটক করেন।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আটক মোশাররফ হোসেনের কাছে শিক্ষক এমদাদুল হকের ৫০ হাজার টাকা পাওনা ছিল। এ টাকা দেওয়ার কথা বলে মোশাররফ গত ২৯ আগস্ট শিক্ষককে নাটোরের সিংড়া উপজেলার জামতলা নামক জায়গায় যেতে বলেন। সেখান থেকে আরেকটু এগিয়ে যাওয়ার কথা বলে মোশাররফ তাঁকে শাহাদাত নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে যান। সেখানে রাতের খাওয়াদাওয়া শেষে মোশাররফসহ তাঁর অপর তিন সহযোগী রাজ্জাক, ইসমাইল ও শাহাদাত শিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে তাঁর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে টের না পায়, এ জন্য সাহেব আটঘোলা নামক দুর্গম ও কম জনবসতিপূর্ণ এলাকার বুলুর বাড়িতে ওই শিক্ষককে আটকে রাখা হয়। র্যাব সংবাদ সম্মেলনে আরও জানায়, অপহৃত শিক্ষকের খাবার আসত পাশের গ্রামের আকরামের বাড়ি থেকে। আর পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করতেন মোশাররফের আরেক সহযোগী ইসমাইল। এভাবে আসামিরা চতুরতার সঙ্গে কাজ করছিলেন, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের ধরতে না পারে। অপহরণকারীদের সঙ্গে অনেক দেন-দরবারের পর মুক্তিপণ ৫ লাখ ৫০ হাজার টাকায় রফা হয়। অপহরণকারীরা গত মঙ্গলবারের মধ্যে মুক্তিপণের টাকা দেওয়ার সময়সীমা নির্ধারণ করে দেন। নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিপণ দিতে ব্যর্থ হলে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানালে তাঁরা এমদাদুলকে মেরে ফেলার হুমকিও দেন। র্যাব জানায়, ২ সেপ্টেম্বর এমদাদুলের পরিবারের কাছ থেকে এ-সংক্রান্ত একটি অভিযোগ পাওয়ার পর তারা অভিযানে নামে। প্রথমে মোশাররফের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার তাঁকে আটক করেন। এরপর তারা এমদাদুলকে শিকল দিয়ে আটকানো অবস্থায় উদ্ধার করে। সেই সঙ্গে আসামি বুলু, শাহ আলম ও রাজ্জাককে আটক করে।
শিক্ষক এমদাদুলের ভাই মঞ্জুর রহমান বলেছেন, সংবাদ সম্মেলনের পর তাঁর ভাইকে আবার সিংড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আইনগত কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁকে পরিবারের হেফাজতে দেওয়া হবে বলে র্যাব জানিয়েছে।