অপহরণের ১২ দিন পর যুবক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গা থেকে অপহরণের ১২ দিন পর এরশাদ আলম (৩২) নামে এক যুবককে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‍্যাব) সদস্যরা। গতকাল শুক্রবার গভীর রাতে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এরশাদ চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামের বিল্লাল আকন্দের ছেলে।

এরশাদের বড় ভাই আক্কাস আলী জানান, বিকাশে ২১ হাজার টাকা উঠানোর জন্য ২৮ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে তাঁর ছোট ভাই আর বাড়ি ফিরে আসেননি। পরের দিন (২৯ সেপ্টেম্বর) সকালে তাঁদের বাবা বাদী হয়ে অপহরণের অভিযোগ করে সলঙ্গা থানায় একটি মামলা করেন।

র‍্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. হাসিবুল আলমের ভাষ্য, মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের গতিবিধি অনুসরণ করে এরশাদকে উদ্ধার করা হয়। অপহরণকারীরা তাঁকে দিনাজপুর ও রংপুর জেলার বিভিন্ন স্থানে আটকে রাখে। র‍্যাব অভিযান শুরু করলে শুক্রবার রাতে একটি গাড়িতে করে এনে এরশাদকে হাটিকুমরুল গোল চত্বরে ছেড়ে দেওয়া হয়। তাঁর কাছ থেকে সব টাকা লুটে নেওয়া হয়েছে।

এরশাদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা শেষে আজ শনিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।