অপহরণের ১৪ ঘণ্টা পর স্কুলছাত্রী উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের প্রায় ১৪ ঘণ্টা পর কক্সবাজারের মহেশখালী থেকে এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রওশন আলী ওরফে খোকন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রীর বাবা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
পুলিশ জানায়, ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়া করার সময় আঁধারঘোনা এলাকার মোহাম্মদ রাসেল নামের এক যুবক নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার দুপুরে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে আঁধারঘোনা আল আমিন মাদ্রাসা এলাকায় পৌঁছার পর রাসেল তাঁর লোকজন নিয়ে তাকে তুলে নিয়ে যান। এ ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পর রাত দুইটায় আঁধারঘোনার পাহাড়ি এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। অপহরণে জড়িত থাকার অভিযোগে খোকন নামের এক যুবককে আটক করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, স্কুলছাত্রী অপহরণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।