অপহরণের ১৪ দিন পর তরুণ উদ্ধার, আটক ৪
গাজীপুরে অপহরণের ১৪ দিন পর গতকাল সোমবার রুবেল (২৭) নামের এক তরুণকে উদ্ধার করেছেন র্যা ব-১-এর সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে আটক এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন অপহরণের মূল পরিকল্পনাকারী গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব ভূরুলিয়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে রুমেন হোসেন ওরফে জীবন (২৪), উত্তর বিলাসপুর এলাকার আবদুর রহমানের ছেলে মাহবুব চৌধুরী (২৩), তাঁর কথিত স্ত্রী দীঘিরচালা এলাকার শাহিনুর আক্তার ওরফে সামিয়া (২৫) এবং একই এলাকার সুমি আক্তার (২৫)।
আটক ব্যক্তিদের নিয়ে র্যা ব সদস্যরা গতকাল সোমবার দুপুরে ঢাকার উত্তরার সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেছেন।
র্যা ব-১-এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, রুবেলের জমিসংক্রান্ত সমস্যা সমাধানের টোপ দিয়ে প্রতিবেশী জীবন পাঁচ-ছয় মাস আগে রুবেলের (২৭) সঙ্গে সখ্য গড়ে তোলেন। এরপর ২৫ জুন জীবন ও মাহবুব রুবেলকে অপহরণের পরিকল্পনা করেন। এ পরিকল্পনার অংশ হিসেবে জীবন জমি বিক্রি করে দেওয়ার কথা বলে রুবেলকে ৫ জুলাই দুপুরে ফোন করে গাজীপুর জেলা শহরের শিববাড়ী মোড় এলাকায় নিয়ে আসেন। পরে তাঁকে জমির ক্রেতার সঙ্গে দেখা করানোর জন্য দীঘিরচালা এলাকায় মাহবুবের ভাড়া করা ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে জীবন, মাহবুব, সামিয়া ও সামিয়ার সহযোগী সুমি ইফতার করার সময় জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে রুবেলকে অচেতন করে ফেলেন। পরে মাহবুব ও জীবন রুবেলের হাত-পা বেঁধে ফেলেন এবং মাহবুবের কথিত স্ত্রী সামিয়ার মাধ্যমে রুবেলের বাবার কাছে ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তা না হলে রুবেলকে সীমান্ত এলাকা দিয়ে পাচার করা হবে বলে হুমকিও দেওয়া হয়। এ সময় শিকলে বেঁধে নির্যাতন করা অবস্থায় মোবাইলে রেকর্ড করা রুবেলের কণ্ঠও তাঁর বাবাকে শোনানো হয়।
এ ব্যাপারে রুবেলের বাবা র্যা বের কাছে অভিযোগ দেন। র্যা ব সদস্যরা সামিয়ার মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত করা হয়। পরে র্যা ব-১-এর ডিএডি মো. হামিদের নেতৃত্বে গতকাল সোমবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের দীঘিরচালা এলাকার সিটি মডেল স্কুলের ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। এ সময় জীবনের কাছ থেকে একটি ম্যাগাজিনে দুটি গুলিভরা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাঁদের র্যা ব-এর সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে সংবাদ সম্মেলন করা করা হয়।
এর আগে ১৫ জুলাই সুমির সঙ্গে রুবেলের বিয়ের ভুয়া কাবিন করে প্রতারণারও ব্যবস্থা করেন তাঁরা। তাঁরা রুবেলকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানোর ফলে রুবেল অনেকটা অপ্রকৃতিস্থ হয়ে পড়েন।