অপহরণের ১৫ ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অপহরণের ১৫ ঘণ্টা পর এক স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিশুটিকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলা সদরের নিজসরাইল গ্রামের রাকিব মিয়ার ছেলে পিয়াস মিয়াকে (৭) গত বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে বাড়ির সামনের সড়ক থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। রাত আটটার দিকে অপহরণকারীরা মুঠোফোনে রাকিবের বাবার কাছে এক লাখ টাকা দাবি করে। তখন তারা জানায়, টাকা না দিলে তাকে হত্যা করা হবে। এরপর আরও দুবার অপহরণকারীরা মুঠোফোনে টাকা দাবি করে। ওই রাতেই রাকিব মিয়া সরাইল থানায় একটি জিডি করেন। এরপর পুলিশ তৎপর হয়ে ওঠে। গতকাল সকাল আটটার দিকে অপহরণকারীরা পিয়াসকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে ছেড়ে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে পরিবারের কাছে পৌঁছে দেয়।
পিয়াস উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে বলে, একটি মাইক্রোবাসে করে কোনো এক জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়। গতকাল সকালে তাকে ছেড়ে দেওয়া হয়।
সরাইল থানার ওসি মো. আলী আরশাদ বলেন, ওই স্কুলছাত্রকে উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা শিশুটিকে ছেড়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।