অপহরণের ১৫ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ১৫ দিন পর পরিত্যক্ত একটি কূপ থেকে উদ্ধার হলো চার বছরের শিশু জান্নাতুল খাতুনের গলিত লাশ। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মঞ্জু মিয়ার দেওয়া তথ্যমতে আজ শনিবার লাশটি উদ্ধার হয়। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কুলির সরদার আনোয়ার হোসেনের মেয়ে।

আনোয়ার হোসেন বলেন, অপহরণের দিন দুপুরে জান্নাতুল বাড়ির পাশে আরেক শিশু রিফাতের সঙ্গে খেলা করছিল। এরপর একপর্যায়ে জান্নাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রিফাতকে জিজ্ঞাসা করলে সে জানায়, মঞ্জু মিয়া জান্নাতুলকে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি ওই দিনই মঞ্জু মিয়ার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।

পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যায় এলাকাবাসী মঞ্জু মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে বলেন, তিনি শিশুটিকে উল্লাপাড়া উপজেলায় নাজমুল হক নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। এরপর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত শুক্রবার গ্রেপ্তার করা হয় নাজমুলকে। এ ছাড়া গত বৃহস্পতিবার মঞ্জুকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি শিশুটিকে হত্যা করে লাশ কূপের মধ্যে ইটচাপা দিয়ে রাখার কথা স্বীকার করেন। এই তথ্যের ভিত্তিতে আজ উপজেলার প্রধান ডাকঘরের পাশের জঙ্গলে পরিত্যক্ত কূপ থেকে লাশটি উদ্ধার হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দীন সর্দার বলেন, এ ঘটনায় দুজনের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আরও তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে লাশ উদ্ধারের পর দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন।