চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ইমাম হোসেনকে অপহরণের ১৬ ঘণ্টা পর তাঁর সন্ধান পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে কচুয়া থানার পুলিশ চাঁদপুর সদর হাসপাতাল থেকে ইমাম হোসেনকে কচুয়া থানায় নিয়ে আসে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ইমাম হোসেনের নেতা-কর্মীরা আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলামের দুজন নেতা-কর্মীকে পিটিয়ে আহত করেছেন। তাঁরা হলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ও ছাত্রলীগের নেতা মোয়াজ্জেম হোসেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইমাম হোসেনের পারিবার সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত একটার দিকে বাড়ির পুকুরঘাটে মুঠোফোনে কথা বলার সময় অস্ত্রের মুখে দুই যুবক তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। মঙ্গলবার সকালে ইমাম হোসেনের স্ত্রী কচুয়া থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ইমাম হোসেন গতকাল বুধবার কচুয়া থানায় সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুপুরে অপহরণকারীরা চাঁদপুর শহরে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে তাঁকে দিয়ে টাকা তোলান। তাঁকে অপহরণকারীরা মারধর করেন। বেলা চারটার দিকে তাঁকে বাসস্ট্যান্ড এলাকায় নামিয়ে দেওয়া হয়। পরে তাঁর ভাতিজির সহযোগিতায় তিনি চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে বিকেল পাঁচটার দিকে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। তবে তিনি এ ঘটনার জন্য তাঁর প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীকে দায়ী করেননি।
এদিকে ইমাম হোসেনকে অপহরণের ঘটনায় মঙ্গলবার বিকেলে কাদলা বাজারে এলাকাবাসী প্রতিবাদ সভা করেছে। এ সময় ওই এলাকা দিয়ে মাইকিং করে যাওয়ার সময় রফিকুল ইসলামের প্রচারের গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া তাঁর দুই কর্মীকে এলাকাবাসী পিটুনি দেয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, ইমাম হোসেন কারও বিরুদ্ধে মামলা করতে রাজি হচ্ছেন না। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় ইমাম হোসেনকে তাঁর স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘বিষয়টি জেনেছি। কচুয়ার প্রতিটি ইউনিয়নে একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় প্রতিনিয়ত সংঘর্ষ হচ্ছে।’