অপহরণের ২১ ঘণ্টা পর ইউপি চেয়ারম্যান উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধ মেটাতে ঢাকার আশুলিয়ায় অপহৃত হয়েছিলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রশীদ (৭৩) ও সদস্য রোকেয়া বেগম (৬০)।
গতকাল বুধবার দুপুরে তাঁদের সাভার পৌর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজন নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।
আশুলিয়া থানার পুলিশ ও ভুক্তভোগীদের পারিবারিক সূত্রে জানা যায়, রোকেয়ার দেবরের সঙ্গে এক প্রতিবেশীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধ মেটাতে গত মঙ্গলবার চেয়ারম্যান আব্দুর রশীদকে নিয়ে রোকেয়া আশুলিয়ার কাইচাবাড়ীতে তাঁর দেবরের বাসায় যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডে বাস থেকে নামার পরপরই একটি ব্যক্তিগত গাড়ি তাঁদের সামনে এসে দাঁড়ায়।
এরপর ওই গাড়িতে থাকা চালকসহ আরও দুজন তাঁদের গন্তব্য জানতে চান। তাঁরা কাইচাবাড়ী যাওয়ার কথা জানালে সেখানে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের গাড়িতে তোলা হয়।
পরে নানা ভয়ভীতির মুখে তাঁদের সাভার পৌর এলাকার জালেশ্বর মহল্লার জনৈক মিজানুর রহমানের দ্বিতীয় তলার ভাড়াটিয়া কামরুল ইসলাম ওরফে বিপ্লবের বাসায় নিয়ে যান। সেখানে নেওয়ার পর আব্দুর রশীদ ও রোকেয়াকে আলাদা কক্ষে রাখা হয়।
ইতিমধ্যে আব্দুর রশীদ ও রোকেয়া যথাসময়ে কাইচাবাড়ী না পৌঁছানোয় পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে তাঁদের খোঁজা হয়। কোথাও না পেয়ে আব্দুর রশীদের ছেলে আবু নাছের মঙ্গলবার রাতেই আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাঁদের উদ্ধার অভিযানে নামে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম মোল্লা জানান, অপহরণকারীদের ফোন পেয়ে আব্দুর রশীদের পরিবার দফায় দফায় কামরুলের বোন আলেয়া বেগম, তাঁর (আলেয়া) জামাতা খোকনসহ আরও কয়েকজনের বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠান। ওই বিকাশ নম্বরের সূত্র ধরেই গতকাল বেলা একটার দিকে কামরুলের বাসায় অভিযান চালিয়ে আব্দুর রশীদ ও রোকেয়াকে উদ্ধার করা হয়।
এসআই শহীদুল ইসলাম জানান, বিকাশ নম্বরের সূত্র ধরে গতকাল দুপুর ১২টার দিকে জালেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় খোকনকে। এরপর তাঁর দেওয়া তথ্যমতে গ্রেপ্তার করা হয় তাঁর শাশুড়ি আলেয়াকে। আলেয়ার দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয় কামরুলের স্ত্রী মিতু আক্তার ও আব্দুর রহিম নামের আরও একজনকে।
আব্দুর রশীদ বলেন, অপহরণের পর রাতে তাঁর কক্ষে দুজন নারী এনে তাঁকেসহ তিনজনকে বিবস্ত্র করে অশ্লীল ছবি তোলা হয়। মুঠোফোনেও তা ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর স্বজনদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। সে অনুযায়ী তাঁর স্বজনেরা বিকাশের মাধ্যমে এক লাখ টাকা পাঠান।
এএসপি নাজমুল হাসান বলেন, কামরুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর সঙ্গে গ্রেপ্তারকৃতরা ছাড়াও আরও কয়েকজন জড়িত রয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।