অপহরণের ২৪ ঘণ্টা পর গুলিবিদ্ধ লাশ
চুয়াডাঙ্গায় অস্ত্রের মুখে অপহরণের ২৪ ঘণ্টা পর এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার জীবননগর উপজেলার দেহাটি গ্রামের কাটাখাল সেতুর পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। একই দিন যশোর শহরে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক।
চুয়াডাঙ্গায় নিহত যুবকের নাম রবিউল ইসলাম (৩৮)। যশোর শহরে কমলেশ রায় (২০) নামের ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়। রবিউল আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তাঁর পরিবার বলছে, রবিউলকে মঙ্গলবার বেলা ১১টায় ভালাইপুর বাজার থেকে সাদাপোশাকের অস্ত্রধারীরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে গিয়েছিল।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, রবিউল একটি চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। একটি ছিনতাই মামলায় কারাভোগের পর সম্প্রতি বাড়িতে ফেরেন তিনি। এ ছাড়া দামুড়হুদা থানায় তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
গতকাল বেলা ১১টায় দেহাটি গ্রামে গিয়ে দেখা যায়, রবিউলের রক্তাক্ত লাশ ঘিরে উৎসুক মানুষের ভিড়। লাশের পাশে জমাট বেঁধে থাকা রক্তসহ মাটি আলামত হিসেবে সংগ্রহ করছে পুলিশ। জীবননগর থানার এসআই আছের আলী জানান, নিহত যুবকের বুকের বাঁ পাশে দুটি এবং ডান পাশে ও বাঁ হাতে একটি করে গুলি বিদ্ধ হয়েছে।
রবিউলের স্ত্রী খাদিজা বেগম বলেন, তাঁর স্বামী কৃষিকাজ করেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে পানের বরজ থেকে তিনি বাড়িতে আসেন। এর কিছুক্ষণ পর মুঠোফোনে কল এলে তিনি বের হন। এরপর সন্ধ্যায় তিনি লোকমুখে শুনেছেন, তাঁর স্বামীকে অস্ত্রধারীরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। এরপর থানা ও ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে কেউ কোনো তথ্য দিতে পারেনি।