অপহরণের ২৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ২৫ দিন পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার গড়িয়াবাজার এলাকার সড়কের পাশের নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম মো. অমি (২৩)। তিনি ফকিরপাড়া এলাকার মো. কর্নেল মিয়ার ছেলে। তিনি গোমস্তাপুর থানায় র্যা বের দায়ের করা একটি মামলার আসামি ছিলেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গড়িয়াবাজার এলাকার চৌডালা-কানসাট সড়কের পাশে একটি নালা থেকে অমির লাশ উদ্ধার করে। গত ৫ এপ্রিল সন্ধ্যার পর গোমস্তাপুর ডিগ্রি কলেজ-সংলগ্ন আমবাগানে র্যা ব-৫-এর কয়েকজন সদস্য মাদক ব্যবসায়ীদের দ্বারা হামলার শিকার হন। হামলায় দুই র্যা ব সদস্য মারাত্মকভাবে আহত হন।
ওই দিন ভোররাতে র্যা ব বাদী হয়ে ১৫-১৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। এ মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ১০ দিন আগে একই গ্রামের (ফকিরপাড়া) নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ওই ঘটনায় অমির জড়িত থাকার কথা বলেন। এর আগে থেকেই অমি নিখোঁজ ছিলেন।
অমির স্ত্রী রেসমিন খাতুন জানান, ১০ এপ্রিল দুপুরে সাদাপোশাকে চারজন লোক হঠাৎ বাড়িতে ঢুকে অমিকে ধরে নিয়ে যায়। যাওয়ার সময় বলে তাঁকে ফিরিয়ে দিয়ে যাবে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
অমির সুরতহাল প্রস্তুতকারী গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাঈদ জানান, অমির কানের ভেতর থেকে রক্ত ঝরার চিহ্ন ছিল। এ ছাড়া গলায় দাগ ছিল। ময়নাতদন্তের জন্য অমির মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।