অপহরণের ২৬ দিন পর অসুস্থ অবস্থায় যুবককে উদ্ধার
অপহরণের ২৬ দিন পর এক যুবককে উদ্ধার করা হয়েছে। গত ২৯ আগস্ট নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর থেকে অপহরণ করা হয় বাদশা আলমকে। তিনি পেশায় রংমিস্ত্রি। গতকাল বুধবার জেলা শহরের সোনাপুর রেলস্টেশন থেকে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বাদশা আলম নেয়াজপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বাদশার ভগ্নিপতি নূর ইসলাম বলেন, ২৯ আগস্ট তাঁর শ্যালককে অপহরণ করা হয়। এ ঘটনায় সুধারাম থানায় মামলার পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. সজীব নামে এক যুবককে গ্রেপ্তার করে।
নূর ইসলাম বলেন, গতকাল বিকেলে সোনাপুর রেলস্টেশনে বাদশা আলম অসুস্থ অবস্থায় পড়ে ছিল। তাঁকে উদ্ধার করে লোকজন হাসপাতালে ভর্তি করে এবং বিষয়টি পুলিশকে জানায়।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন অপহৃত যুবক উদ্ধার হওয়ার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, কারা কী উদ্দেশে অপহরণের ঘটনাটি ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।