অপহরণের ২৯ দিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে অপহরণের ২৯ দিন পর চার বছর বয়সী এক শিশুকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রায়পুর উপজেলার বামনীর ভূঁইয়ারহাট এলাকার রাজু হোসেন এবং চাঁদপুরের মহামায়া এলাকার ফরিদা ইয়াসমিন ও শাহিদা আক্তার। উদ্ধার হওয়া শিশুটির নাম আবদুল্লাহ। সে ভূঁইয়ারহাট এলাকার প্রবাসী মোহাম্মদ হানিফ।
রায়পুর থানার পুলিশ জানায়, গত ২ নভেম্বর রায়পুরের ভূঁইয়ারহাটের বাড়ি থেকে আবদুল্লাহকে তার চাচাতো ভাই রাজু হোসেন এবং শাহিদা আক্তার অপহরণ করেন। পরে তাঁরা তাকে মহামায়া এলাকার ফরিদা ইয়াসমিনের কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেন। এ ঘটনায় ৩ নভেম্বর আবদুল্লাহর মা আমেনা বেগম রায়পুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে রায়পুর থানার পুলিশ গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরে ফরিদা ইয়াসমিনের বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে ওই শিশুকে উদ্ধার এবং ওই তিনজনকে গ্রেপ্তার করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজুকে রায়পুর থেকে এবং অপর দুই নারীকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আবদুল্লাহর মা রায়পুর থানায় অপহরণের অভিযোগে রাজু হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া তিনজন গতকাল আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।