অপহরণের ৩২ দিনেও শিশু উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের এক মাস দুই দিনেও উদ্ধার হয়নি শিশু লিয়ান। সে গত ১০ জানুয়ারি অপহৃত হয়। এর দুই দিন পর তার বাবা নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু তা এত দিনেও মামলা কিংবা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নেয়নি পুলিশ।
লিয়ানের বাবা দিলু মিয়া গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলী গ্রামে। তিন মাস আগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জ ফিশারিজ ঘাট এলাকায় আসেন। পরে সেখানে স্বামী-স্ত্রী দুজনেই পাথর বহনের কাজ নেন। থাকেন ঘাট এলাকায় সরকারি জমিতে গড়ে তোলা বস্তিতে। ১০ জানুয়ারি বেলা ১১টার দিকে তাঁদের প্রতিবেশী সোমা বেগম শিশু লিয়ানকে তাঁর ঘরে নিয়ে যান। বেলা একটার দিকে স্বামী-স্ত্রী নিজ ঘরে ভাত খেতে ফেরেন। তখন সোমার ঘরে গিয়ে দেখেন লিয়ান তাঁর কোলে। বিকেল চারটার দিকে ঘরে ফিরে দিলু মিয়া দেখেন সোমার ঘর তালাবদ্ধ। পরে সোমার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার আশায় মুক্তিপণ দিতে রাজি হলেও এরপর সোমা আর কিছু জানাননি। এরপর থেকে তাঁর মুঠোফোনে ফোন করলেও সোমা ধরেন না।
দিলু মিয়া আরও বলেন, এ ঘটনায় তিনি ১৪ জানুয়ারি ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ তা মামলা কিংবা জিডি হিসেবে লিপিবদ্ধ করেনি।
ঘটনার তদন্তকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহিদুল ইসলাম বলেন, ‘আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছি। এটি অপহরণ নাকি চুরির ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ জন্য অভিযোগ লিপিবদ্ধ করা হয়নি।’