অপহরণের ৩৭ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে খননযন্ত্রের এক ব্যবস্থাপককে অপহরণের ৩৭ ঘণ্টা পর গতকাল শুক্রবার সকাল নয়টায় তাঁকে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তি হলেন মোনায়েম ট্রেডার্সের খননযন্ত্রের ব্যবস্থাপক হানিফ মিয়া। তাঁর বাড়ি গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের মধ্য ফরাজিকান্দি এলাকায়।
হানিফ মিয়ার বরাত দিয়ে তাঁর স্বজনেরা জানান, গত বুধবার রাত আটটার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়ার বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাখি পয়েন্ট থেকে গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে সাত-আটজন হানিফকে তুলে নেয়। একপর্যায়ে তাঁকে চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়। পরে তাঁকে নারায়ণগঞ্জের কাঁচপুরে সেতুর কাছে ফেলে চলে যায় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান প্রথম আলোকে বলেন, অন্য কোনো ঘটনায় হানিফকে কেউ কিছু খাইয়ে অচেতন করে থাকতে পারে। তবে গোয়েন্দা পুলিশের পরিচয়ে অপহরণের তথ্য ঠিক নয়। এ ব্যাপারে তাঁরা এখনো কোনো অভিযোগ পাননি।