অপহরণের ৩৯ দিন পর শিশু উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলীগঞ্জের দুই বছরের শিশু লিয়নকে অপহরণের ৩৯ দিন পর কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লার দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে লিয়নকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুরের কোতোয়ালি থানা এলাকার পারভিন আক্তার ওরফে সোমা (২৮), তাঁর স্বামী মজনু মিয়া (৩৬), কুমিল্লা সদর দক্ষিণের দুর্গাপুর এলাকার আনোয়ার হোসেন (৩৫) ও একই এলাকার জামান (৫৫)।
অপহৃত শিশুর পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল রাজ্জাক বলেন, কিশোরগঞ্জের বাজিতপুরের দাশাআটির দিলু মিয়া তাঁর স্ত্রী বিলকিস ও শিশু সন্তানকে নিয়ে ফতুল্লার আলীগঞ্জ এলাকার বস্তিতে বসবাস করে পাথর ভাঙার কাজ করেন। আলী গঞ্জের একই বস্তিতে বসবাস করতেন সোমা ও তাঁর স্বামী। গত ১০ জানুয়ারি বিকেলে সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকার দিলুর কর্মস্থল থেকে শিশু লিয়নকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে একই বস্তির বাসিন্দা সোমা। পরে শিশুটিকে তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায় নিয়ে যান। রাতে দিলু মিয়া ও তাঁর স্ত্রী কাজ শেষে বাড়ি ফিরে শিশু লিয়নের আর খুঁজে পাননি। সে সময় সোমা ও তাঁর স্বামীরও কোনো খোঁজ পাননি তাঁরা। অপহরণের একদিন পর সোমার স্বামী মজনু মিয়া মোবাইলে মুক্তিপণ হিসেবে লিয়নের বাবা দিলুর কাছে কাছে ১০ হাজার টাকা দাবি করেন।
আবদুল রাজ্জাক বলেন, এই ঘটনায় দিলু মিয়া থানায় অভিযোগ দিলে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কুমিল্লা থেকে অপহরণকারী সোমা ও তার স্বামী মজনু মিয়াকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য ১২ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘অপহরণের ৩২ দিনেও শিশু উদ্ধার হয়নি’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়েছিল।