অপহরণের ৪০ দিন পর আম ব্যবসায়ী উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে অপহরণের এক মাস ১০ দিন পর নাসির হোসেন (২৮) নামের এক আম ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার নওগাঁর পোরশা উপজেলার কপালির মোড় থেকে তাঁকে উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার পুলিশ গতকাল ভোরে পোরশা থানার পুলিশের সহযোগিতায় কপালি মোড় এলাকায় অপহরণকারী মোহাম্মদ টেকার বাড়ি ঘিরে ফেলে। কিন্তু সেখানে নাসিরকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে অপহরণকারী টেকাকে চাপ প্রয়োগ করলে পাশের অন্য একটি বাড়ি থেকে নাসিরকে ছেড়ে দেওয়া হয়।
উদ্ধার হওয়া ব্যবসায়ীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট রাত ১১টার দিকে নাসিরকে অপহরণ করা হয়। এ ব্যাপারে নাসিরের ভাই আবদুর রাজ্জাক শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, বাড়ি ফেরার পথে কানসাট হঠাৎপাড়া এলাকা থেকে ছয়-সাতজন সশস্ত্র অপহরণকারী নাসিরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরদিন অপহরণকারী ইউসুফ আবদুর রাজ্জাককে মুঠোফোনে ফোন দিয়ে ভাইকে পেতে হলে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে নাসিরকে হত্যারও হুমকি দেওয়া হয়। মামলায় শিবগঞ্জ উপজেলার উজিরপুরের ফয়েজ, নওগাঁর পোরশা উপজেলার কলোনীপাড়ার শরীফুল ইসলামসহ ১৩ জনকে আসামি করা হয়।