অপহরণের ৮ দিন পর গলাচিপায় শিশুর বস্তাবন্দী লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিছানা থেকে অপহরণের আট দিন পর পটুয়াখালীর গলাচিপা উপজেলার চান্দেরহাওলা গ্রামের শিশু হাবিবুর রহমানের (২) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে জীবিত অবস্থায় বস্তায় ভরে ডুবিয়ে মারা হয়েছে বলে গ্রেপ্তার করা সন্দেহভাজন অপহরণকারীর বরাত দিয়ে জানায় পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে রতনদী-তালতলী ইউনিয়নের বউবাজার এলাকার দুয়ারির খালের কচুরিপানার নিচ থেকে হাবিবুরের লাশ উদ্ধার করা হয়।
এর আগের দিন সন্দেহভাজন অপহরণকারী মো. মাসুদকে (৩৫) আটক করে গতকাল গ্রেপ্তার দেখায় পুলিশ। এ ছাড়া শিশুটির সৎভাই বেল্লাল সরদার ও সোনা মিয়া সরদারকেও অপহরণে জড়িত সন্দেহে গতকাল গ্রেপ্তার করে পুলিশ।
শিশু হাবিবুরকে অপহরণ ও খুনের ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক মোল্লা বলেন, জিজ্ঞাসাবাদে মাসুদ জানিয়েছেন অপহরণের পর শিশুটির কান্না থামানো যাচ্ছিল না। এ কারণে তাকে একটি প্লাস্টিকের বস্তায় ভরে খালের কচুরিপানার নিচে ডুবিয়ে রাখা হয়।
ওসি আরও বলেন, সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে বিরোধের জের ধরে হাবিবুরের সৎভাইয়েরা মাসুদকে ভাড়া করে তাকে অপহরণ করেন। এ কাজে এক লাখ টাকায় চুক্তি করেছিলেন তাঁরা। আটকের পর মাসুদের দেওয়া তথ্য অনুযায়ী তাঁকে সঙ্গে নিয়ে গতকাল হাবিবুরের লাশ উদ্ধার করা হয়। হাবিবুর কাঞ্চন আলী সরদারের তৃতীয় স্ত্রীর সন্তান।
পুলিশ জানায়, মাসুদ পানপট্টি ইউনিয়নের গেরামর্দন গ্রামের মো. ইয়াকুবের ছেলে। মুঠোফোনের কলতালিকা পর্যবেক্ষণ করে মাসুদকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল।
৯ মার্চ রাতে চান্দেরহাওলা গ্রামের মো. কাঞ্চন আলী সরদারের ঘরের জানালা ভেঙে বিছানা থেকে তাঁর ছেলে হাবিবুরকে অপহরণ করেন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিরা। এ ঘটনায় কাঞ্চন আলী ১০ মার্চ গলাচিপা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় সন্দেহভাজন অপহরণকারী হিসেবে হাবিবুরের দুই সৎভাইয়ের নাম উল্লেখ করা হয়।
১১ মার্চ রাত থেকে কাঞ্চন আলীর মুঠোফোনে কয়েক দফায় ফোন করে হাবিবুরের মুক্তিতে এক কোটি টাকা পণ দাবি করা হয়। এরপর গতকাল হাবিবুরের লাশ মেলে। লাশ উদ্ধারের খবরে দুয়ারির খাল পাড়ে ছুটে আসেন তার স্বজনসহ কয়েক শ নারী-পুরুষ। কাঞ্চন আলী অভিযোগ করে বলেন, ‘সম্পত্তি নিয়ে বিবাদের জেরে আমার সোনামণিকে ওরা হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
শিশু হাবিবুরকে অপহরণের ঘটনায় সর্বশেষ ১৩ মার্চ প্রথম আলোতে ‘বিছানা থেকে শিশুকে অপহরণ, তিন দিনেও খোঁজ মেলেনি, কোটি টাকা মুক্তিপণ দাবি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।