অপহৃত সেই দুই ভাই ফিরে এসেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে রাজধানীর দারুস সালাম এলাকার গোলারটেক এলাকা থেকে অপহৃত দুই ভাই অবশেষে ফিরে এসেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মিরপুরের গোলারটেকের বাসা থেকে ‘ডিবি’ পরিচয় দেওয়া কয়েকজন লোক ওমর ফারুক ও ফিরোজ মিয়াকে ধরে নিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান মেলেনি। অবশেষে গত সোমবার রাতে তাঁরা বাসায় ফেরেন।

এ প্রসঙ্গে গতকাল বুধবার রাতে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গত শুক্রবার গোলারটেকের বাসা থেকে ওমর ফারুক (৩২) ও ফিরোজ মিয়াকে (২৮) ধরে নিয়ে যায় ডিবি পুলিশ পরিচয় দেওয়া কয়েকজন মানুষ। পরে সোমবার রাতে রাজধানীর মালিবাগ মোড়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তাঁরা দুজনই নীলক্ষেত সুপার মার্কেটের বই ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে দুই ভাই জানিয়েছেন, তাঁদের চোখ বেঁধে রাখা হয়েছিল। তবে মারধর করা হয়নি। তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছিল জানতে চাইলে তাঁরা বলেন, কিছুই জানেন না তাঁরা।

এদিকে অপহৃত দুই ভাইয়ের বাবা হাকিম আলী জানিয়েছেন, কে বা কারা ফারুক ও ফিরোজকে অপহরণ করেছেন, সে বিষয়ে তাঁরা কিছুই বলতে পারছেন না। সোমবার রাতে মালিবাগ থেকে ফারুক ও ফিরোজ বাসায় ফোন করেন। পরে তাঁদের বাসায় নিয়ে যাওয়া হয়। দুজনই বাসায় সারাক্ষণ চুপ থাকছেন। কারো সঙ্গে কথা বলছেন না। হাকিম আরও জানান, কেন ফারুক ও ফিরোজকে অপহরণ করা হয়েছিল তা এখনো তাঁরা জানতে পারেননি। অপহরণকারীদের জ্যাকেটে ‘ডিবি পুলিশ’ লেখা ছিল।

হাকিম দাবি করেন, তাঁর দুই ছেলের বিরুদ্ধে মামলা তো দূরের কথা, থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত নেই। তাঁদের সঙ্গে কারও কোনো ব্যবসায়িক বিরোধও নেই।

আরও পড়ুন