অপহৃত ইমরানকে উদ্ধারের দাবি পরিবারের

রাজধানী বনানীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আসিফ ইমরানকে (১৯) উদ্ধারের দাবি জানিয়েছে তাঁর পরিবার। এ ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশ প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
আজ শনিবার সকালে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইমরানের পরিবারের সদস্যরা এই দাবি জানান।
লিখিত বক্তব্যে ইমরানের বাবা লুৎফর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত বছরের ৭ অক্টোবর উত্তরার ১২ নম্বর সেক্টরের বাসা থেকে ইমরানের বন্ধু গোলাম মোস্তফা আদর পূর্বপরিকল্পিতভাবে বেড়ানোর কথা বলে নারায়ণগঞ্জে নিয়ে যান। এরপরে ইমরান আর ফেরেননি। সে সময় তিনি ও তাঁর স্ত্রী হজ পালনের জন্য সৌদি আরবে ছিলেন। নিখোঁজ হওয়ার ঘটনায় ৯ অক্টোবর আসিফের বড় বোন নাজিয়া কাজল উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনায় অপহরণের মামলা করতে গেলে উত্তরা পশ্চিম থানা প্রথমে মামলা নেয়নি। পরে আদালতের নির্দেশে ১ নভেম্বর ওই থানা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা নেয়। অপর তিন আসামি হলেন গোলাম মোস্তফা আদর, গোলাম মোহাম্মদ কালু ও মো. শাকিল। গত নভেম্বরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে গোলাম মোস্তফা ও শাকিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা বলেন, আলমগীর ইসলামের পরিকল্পনা মতে তাঁরা ইমরানকে অপহরণ করে নিয়ে যান।
সংবাদ সম্মেলনে লুৎফর রহমান বলেন, চার আসামির তথ্যের ভিত্তিতে ওয়ার্ড কাউন্সিলর আলমগীর ইসলামের ভাতিজা রিয়াজুল ইসলাম ও রাফসান জানিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কিছুদিনের মধ্যেই রিয়াজুল ইসলাম জামিনে কারাগার থেকে বের হয়ে আসেন। রাফসান জানিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যরা কারাগারে আছেন।
লুৎফর রহমান বলেন, থানায় জিডি করার পর গোলাম মোস্তফা ও গোলাম মোহাম্মদ কালু সশরীরে ও মোবাইল ফোনে দুই দফায় ১০ লাখ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন। তিনি বলেন, আসামিরা সব গ্রেপ্তার হলেও তাঁর ছেলেকে পুলিশ উদ্ধার করতে পারছে না। পুলিশ বলছে, ওয়ার্ড কাউন্সিলর আলমগীর ইসলামের লোকদের কাছেই ইমরান আছে। কেন উদ্ধার করা হচ্ছে না, এর কোনো জবাব দিতে পারছে না পুলিশ।
কান্নাজড়িত কণ্ঠে লুৎফর রহমান বলেন, একমাত্র ছেলে ইমরানকে হারিয়ে তাঁর মা নাদিরা বেগম পাগলপ্রায়। তিনি দিনের পর দিন পুলিশের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে ইমরানের শোকে কয়েক দিন আগে তাঁর দাদি মারা গেছেন। এ অবস্থায় ছেলেকে উদ্ধারে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশ প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইমরানের মা নাদিরা বেগম, বড় বোন নাজিয়া কাজল, খালু ফজলার হোসেন ও খালা রোকেয়া বেগম।
এই মামলাটি প্রথমে উত্তরা পশ্চিম থানার পুলিশ তদন্ত করে। পরে তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।
যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আতাউর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামিরা জবানবন্দিতে বলেছেন, ইমরান ওয়ার্ড কাউন্সিলর আলমগীরের লোকদের হেফাজতে আছেন। তথ্যপ্রযুক্তি ও পারিপার্শ্বিক তদন্তে জানা গেছে, ইমরান এখনো আলমগীরের লোকদের কাছেই আছেন। তাঁকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে।
আরও পড়ুন...
অপহরণের পাঁচ মাসেও উদ্ধার হননি ইমরান