অপহৃত কলেজছাত্র পাঁচ দিনেও উদ্ধার হয়নি
ঢাকার সাভার কলেজের মুনসের আলী (১৮) নামের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রকে গত মঙ্গলবার অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণের পর দুর্বৃত্তরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে গতকাল শনিবার মুনসেরের পরিবার জানিয়েছে।
গত বুধবার এ ব্যাপারে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর পাঁচ দিন অতিবাহিত হলেও মুনসেরকে পুলিশ উদ্ধার করতে পারেনি। মুনসের নাটোরের গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। মা ও বড় ভাইয়ের সঙ্গে তিনি সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় থাকেন। মুনসের পড়ালেখার পাশাপাশি চিত্রাঙ্কনের কাজ করেন।
মুনসেরের ভাই মো. মঞ্জু বলেন, গত মঙ্গলবার রাত আটটার দিকে চিত্রকর্মের জন্য তাঁর ভাই সাভার নামাবাজার এলাকার একটি বাসায় যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। নিখোঁজ হওয়ার এক দিন পর অপহরণকারীরা তাকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।
তিনি বলেন, মুনসের নিখোঁজ হওয়ার পরদিন গত বুধবার তিনি সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।