অপহৃত চট্টগ্রামের এক ঠিকাদার নবীনগরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁদে পা দিয়ে অপহৃত হওয়ার পাঁচ দিন পর উদ্ধার হলেন চট্টগ্রামের বায়েজীদ এলাকার এক ব্যবসায়ী গোলাম সারওয়ার হোসেন ওরফে বিপ্লব। আজ বুধবার ভোর ছয়টার দিকে তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে উদ্ধার করে র‍্যাব।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প সূত্রে জানা গেছে, গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের বায়েজীদ এলাকার ঠিকাদার (মাটি খনন যন্ত্র ভাড়া দিয়ে থাকেন) গোলাম সারওয়ার হোসেনকে কৌশলে ব্যবসার কথা বলে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামের গনি শাহ’র মাজার সংলগ্ন এলাকায় কাঠমিস্ত্রি নুরুল ইসলামের বাড়িতে আটকে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে আজ র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে।

ব্যবসায়ী গোলাম সারওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘এক্সকেভেটরসহ মাটি কাটার বিভিন্ন যন্ত্রাংশ আমি ভাড়া দিয়ে থাকি। আমার সঙ্গে মাটি কাটার এক্সকেভেটর ভাড়া চেয়ে ফোনে যোগাযোগ করে এক ব্যক্তি। তাদের কথামতো পরে শনিবার সকালে মাটি কাটার সাইড দেখতে আমি কোম্পানীগঞ্জে যাই। সেখান থেকে তারা (অপহরণকারীরা) আমাকে গাড়িতে করে নবীনগরের বড়িকান্দি এলাকার গনি শাহ মাজার সংলগ্ন একটি বাড়িতে বেলা তিনটার দিকে নিয়ে যায়। এর আধা ঘণ্টা পর অপহরণকারীরা আমাকে বেঁধে ফেলে। অপহরণকারীরা আমার কাছে ১০ লাখ টাকা দাবি করে। পরে আমার ভাইয়ের নম্বর দিলে তাদের সাথে পাঁচ লাখ টাকায় রফা করে। কিন্তু এর মধ্যে র‌্যাব গিয়ে আমাকে উদ্ধার করে টাকা-পয়সা দিতে হয়নি। প্রথম দিন অপহরণকারীরা আমাকে বেদম মারধর করেছে। আমি নিজে বাদী হয়ে নবীনগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার পুলিশের সহকারী কমিশনার হায়াতুল ইসলাম প্রথম আলোকে বলেন, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহরণের বিষয়ে নবীনগর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, এখনো পর্যন্ত (বিকেল সোয়া চারটা পর্যন্ত) থানায় অপহরণ বিষয়ে থানায় কেউ মামলা করেনি।