অপহৃত ছাত্রকে উদ্ধারের দাবি
নীলফামারী শহরের উকিলের মোড় এলাকা থেকে অপহৃত কলেজছাত্র নূরে আলমকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন তাঁর সহপাঠীরা। গতকাল বুধবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সহপাঠী ছাড়াও নূরে আলমের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থী ও নূরে আলমের সহপাঠী আবদুল আজিজ, রিপন হোসেন, মাসুদ রানা, নূরে আলমের ছোট ভাই কামরুল আলম, মামা শাহ আলম প্রমুখ। বক্তারা বলেন, নূরে আলমকে অপহরণের দুই দিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর কোনো সন্ধান দিতে পারেনি। দ্রুত নূরে আলমকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানান তাঁরা। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নীলফামারী শহরের উকিলের মোড়ের বাড়ি থেকে প্রশাসনের পরিচয়ে নিয়ে যাওয়া হয় নীলফামারী সরকারি কলেজের স্নাতক (সম্মান) রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নূরে আলমকে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নীলফামারী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর মা নূর নাহার বেগম। নীলফামারী সদর থানার ওসি কর্মকর্তা শাহজাহান পাশা বলেন, বিষয়টির তদন্ত চলছে।