অপহৃত ছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার একটি কলোনি থেকে গত মঙ্গলবার রাতে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে কক্সবাজারের পেকুয়া থানার পুলিশ। এ সময় মো. রোকন উদ্দিন (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
রোকন উদ্দিনের বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের সাবেকগুলদি এলাকায়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, গত ২৫ নভেম্বর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে অটোরিকশায় তুলে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনায় ২ ডিসেম্বর ছাত্রীর বাবা থানায় মামলা করেন।
ওসি বলেন, মামলার পর সন্দেহভাজন এক ব্যক্তির মুঠোফোন ট্র্যাকিং করা হয়। গত মঙ্গলবার রাতে ওই ব্যক্তিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, চট্টগ্রাম নগরের একটি কলোনিতে ওই ছাত্রীকে আটকে রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র রায় বলেন, গতকাল বুধবার ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তিনি জানান, গ্রেপ্তার রোকন উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।