অপহৃত ছাত্রী এক বছর পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তৃতীয় শ্রেণির এক ছাত্রী (১২) অপহৃত হওয়ার এক বছর পর শরীয়তপুরের নড়িয়া থেকে তাকে উদ্ধার করা হয়েছে। সে উপজেলার উজানচর ইউনিয়নের বাসিন্দা। গত শনিবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ছাত্রীটিকে অপহরণ করা ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করে। পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এর আগে শনিবার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুভ গ্রামের মনির খান (৩৭), গোয়ালন্দের বাহাদুরপুর গ্রামের দারোগা আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪২), মেয়ে মোছা. জুলি ওরফে জলি (১৮), মনসুর খাঁর পাড়ার মনির হোসেনের স্ত্রী কল্পনা বেগম (২৪) ও শরীয়তপুরের জাজিরা থানার মুন্সীকান্দি গ্রামের নূর হকের স্ত্রী জবেদা বেগমের (৪৫) বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন। শিশুটিকে গত বছরের ১০ ফেব্রুয়ারি উল্লেখিত আসামিরা অপহরণ করেন বলে অভিযোগে বলা হয়।