অপহৃত ছাত্রের সন্ধান ছয় দিনেও মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ছয় দিন পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র তারিকুল ইসলামকে উদ্ধার করতে পারেনি পুলিশ। উল্টো তাঁর ঘনিষ্ঠ দুই বন্ধুকেও মুঠোফোনে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন তাঁরা।
২৪ মার্চ দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটক এলাকায় তারিকুলের বন্ধু ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মো. নুরুল্লাহকে মারধর করে একটি প্রাইভেট কারে তুলে নেয় চার দুর্বৃত্ত। এরপর তাঁর মুঠোফোন দিয়ে তারিকুল ইসলামকে ফোন করে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় আসতে বলা হয়। তারিকুল সেখানে যাওয়ার পর দুর্বৃত্তরা নুরুল্লাহকে ছেড়ে দিয়ে একই গাড়িতে তারিকুলকে তুলে অজ্ঞাত জায়গায় নিয়ে যায়। এ ঘটনায় শনিবার দুপুরে তারিকুলের আরেক সহপাঠী আল আমিন নগরের পাঁচলাইশ থানায় অপহরণ মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন জোবরা গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, তারিকুলকে উদ্ধারে তাঁরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র ঘোষ বলেন, তারিকুল অপহরণে যে চারজন অংশ নিয়েছিল, তাদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তার করা হলে তারিকুলের অবস্থান জানা যাবে।
তারিকুলের বড় ভাই আনোয়ার হোসেন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে আমরা ফেরত চাই। আমার বাবা-মা আমার ভাইয়ের অপেক্ষায় পথ চেয়ে আছে।’
তারিকুলের বন্ধু নুরুল্লাহ বলেন, তারিকুলকে অপহরণের পর বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাঁকে ও আল আমিনকে (অপহরণ মামলার বাদী ও তারিকুলের বন্ধু) হুমকি দেওয়া হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে তাঁরা লিখিত আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, তারিকুলের সহপাঠীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে বলেছেন তাঁরা। তিনি বলেন, ‘তারিকুলকে উদ্ধারে পুলিশকে তাগাদা দিচ্ছি।’