অপহৃত ছয় মাদ্রাসাছাত্র উদ্ধার শিক্ষক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের সদর উপজেলা থেকে অপহৃত ছয় মাদ্রাসাছাত্রকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আরেকটি মাদ্রাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তাদের উদ্ধার করা হয়। এ সময় মো. হোসেন ওরফে জসিম নামের মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।
উদ্ধার করা ছাত্ররা হলো মো. আবদুল্লাহ (১০), জুবায়ের (৯), মো. মুরাদ (১০), রবিউল ইসলাম (৯), রাসেল (১০) ও মনির হোসেন (১১)। তাদের বাড়ি সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন দুর্গাপুর গ্রামে। সবই ওই গ্রামের রহমানিয়া তালিম হাফিজিয়া কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, এসব শিশু রহমানিয়া তালিমুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসার ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের প্রলোভন দেখিয়ে ওই মাদ্রাসার শিক্ষক জসিম (৩০) সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করেন। পরে তাদের মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর মাদ্রাসার একটি কক্ষে আটকে রাখেন।
ছাত্রদের অপহরণের এ ঘটনায় গত সোমবার জসিমের নাম উল্লেখ করে চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জসিমের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকঁড়া গ্রামে।
জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পুষ্প বর্মণ চাকমা প্রথম আলোকে বলেন, জসিমের মুঠোফোনের সূত্র ধরে গোবিন্দপুর মাদ্রাসায় ওই অভিযান চালানো হয়। উদ্ধার করা শিশু আবদুল্লাহ ও জুবায়েরের চাচা ওমর ফারুকের কাছে ছয় শিশুকে হস্তান্তর করা হয়।