অপহৃত তরুণী যৌনপল্লি থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থেকে অপহৃত হওয়ার এক সপ্তাহ পর এক তরুণীকে (১৫) ময়মনসিংহের একটি যৌনপল্লি থেকে উদ্ধার করেছে পুলিশ। মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে কৌশলে তাকে ওই যৌনপল্লিতে নিয়ে বিক্রি করা হয়েছিল।
আশুলিয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে অপহৃত ওই তরুণীর সঙ্গে মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে আশুলিয়ার কুড়গাঁও এলাকার সেন্টু হোসেনের (২৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে ফেলে সেন্টু ১৭ জুলাই ওই তরুণীকে ময়মনসিংহে নিয়ে যান। সেখানে যাওয়ার পর তাকে যৌনপল্লিতে নিয়ে বিক্রি করে দেন সেন্টু। এক খদ্দেরের কাছে ওই তরুণী বিষয়টি খুলে বললে তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানাকে বিষয়টি জানান। পুলিশ গত বৃহস্পতিবার রাতে ওই যৌনপল্লিতে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে আশুলিয়া থানাকে জানায়।
আশুলিয়া থানার এসআই হাবিবুর রহমান বলেন, গত মঙ্গলবার ওই তরুণীর বড় বোন মামলা করেন। মঙ্গলবার নবীনগর এলাকা থেকে সেন্টুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে ওই তরুণীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গত বৃহস্পতিবার রাতে তরুণী উদ্ধারের পর তার দেওয়া তথ্যমতে কুড়গাঁও থেকে গ্রেপ্তার করা হয় আলমগীর হোসেনকে (২৪)। গ্রেপ্তারের পর আলমগীর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। সেন্টু একটি বাসের চালক এবং আলমগীর তাঁর সহযোগী ছিলেন।