অপহৃত তরুণীকে যৌনপল্লি থেকে উদ্ধার, আটক ৩
পাঁচ বছর আগে বাগেরহাটের মংলা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে গতকাল রোববার যশোর যৌনপল্লি থেকে উদ্ধার করেছেন র্যাবের সদস্যরা। মেয়েটির মায়ের লিখিত আবেদনের ভিত্তিতে র্যাব যৌনপল্লিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।
অপহরণে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন যৌনপল্লির নৈশপ্রহরী আবুল কাশেম (৪৯), তাঁর স্ত্রী রাবেয়া বেগম (৪৫) ও শহরের খালধার রোডের নিকারীপাড়ার বাসিন্দা হীরা (২৫)।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৬-এর (র্যাব) যশোর কার্যালয়ের উপপরিচালক স্কোয়াড্রন লিডার কাওছার হোসেন প্রথম আলোকে বলেন, ‘পাঁচ বছর আগে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে যৌনপল্লিতে আটকে রেখে যৌন কাজে বাধ্য করা হয়। যৌনপল্লির নৈশপ্রহরী আবুল কাশেম ও তাঁর স্ত্রী তাকে এ কাজে বাধ্য করেন। এ কারণে তাঁদের আটক করে মংলা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আর উদ্ধার হওয়া মেয়েটিকে স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।
র্যাব-৬-এর যশোর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ বছর আগে মেয়েটি স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে যশোর যৌনপল্লির নৈশপ্রহরী কাশেমের স্ত্রী রাবেয়া ও আঞ্জু নামে অপর এক নারী কিশোরীকে চেতনানাশক খাইয়ে অপহরণ করেন। পরে স্কুলছাত্রীটিকে যশোর যৌনপল্লিতে আনা হয়। চেতনা ফিরলে মেয়েটি দেখতে পায়, সে একটি খুপরিঘরের মধ্যে রয়েছে। মেয়েটি কান্নাকাটি করে বাড়ি যেতে চাইলে রাবেয়া ও তাঁর স্বামী আবুল কাশেম তাকে মারধর করে। তার শরীরে সেই আঘাতের চিহ্ন এখনো রয়েছে।