সীমানা নিয়ে বিরোধের জের ধরে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচরের মাঈনউদ্দিন বাজার থেকে অপহৃত তিন চৌকিদারকে তিন ঘণ্টা পর আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই অপহরণের ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া চৌকিদারেরা হলেন জাহেদুল ইসলাম (২৮), আলমগীর হোসেন (২৭) ও মো. সাগর (২৩)। তাঁরা বয়ারচরের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতির মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত এক বছরের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি থেকে আসা সন্ত্রাসীরা একাধিকবার হাতিয়ার বাসিন্দাদের ওপর হামলা চালায় ও বাড়িঘর লুট করে। এ ছাড়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানে বাধা দেওয়া হয়।
হরণী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর ১২টার দিকে পরিষদের নোটিশ পৌঁছে দিতে তিন চৌকিদার সীমানা নিয়ে বিরোধপূর্ণ মাঈনউদ্দিন বাজারে যান। এ সময় কয়েকটি মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুরের রামগতির চরগাজী থেকে আসা ১৫-১৬ জন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে তাঁদের অপহরণ করে নিয়ে যায়। তিনি বলেন, অপহরণের পর তিনজনকে লক্ষ্মীপুরের রামগতি এলাকার লোকজনের নিয়ন্ত্রণে থাকা বয়ারচরের মোল্লাগ্রামের একটি বাড়িতে নিয়ে পিটিয়ে আটকে রাখা হয়। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানান। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে।
চানন্দি ইউনিয়নের নলেরচরের মোর্শেদবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খন্দকার আজাদুল ইসলাম প্রথম আলোকে জানান, বেলা তিনটার দিকে তেগাছিয়া বাজার ফাঁড়ির পুলিশ অপহৃত তিন চৌকিদারকে আহতাবস্থায় মোল্লাগ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করে তাঁদের কাছে হস্তান্তর করে। পরে তাঁরা আহত তিন চৌকিদারকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।