অপহৃত তিন বন কর্মকর্তা মুক্তি পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লংগদু উপজেলার সদর ইউনিয়নের হারিহাবা নামক এলাকা থেকে অপহৃত বন বিভাগের তিনজন কর্মকর্তা গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মুক্ত হতে পারেননি। তবে তাঁদের মুক্ত করতে বন বিভাগ ও পরিবারের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার দুপুরে জোতভূমির (ব্যক্তিমালিকানাধীন বাগান) গাছ দেখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বনসংরক্ষক ফরিদ মিয়া, রেঞ্জ কর্মকর্তা রবিউল হোসেন ও ফরেস্টার বিবর্তন চাকমা একদল সশস্ত্র দুর্বৃত্ত কর্তৃক অপহৃত হন। তাঁদের মুক্তির বিনিময়ে অপহরণকারীরা ১৫ লাখ টাকা দাবি করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগানের মালিকের কাছ থেকে চাঁদা না পাওয়ায় দুর্বৃত্তরা কর্মকর্তাদের অপহরণ করেছে। ওই তিন কর্মকর্তা বাগানের গাছ কাটার অনুমতি দিতে নিয়ম অনুযায়ী খাঁড়া মার্ক (দাঁড়ানো অবস্থায় গাছের পরিমাপ) করতে সেখানে গিয়েছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ এস এম কায়সার বলেন, ‘অপহৃত ব্যক্তিদের উদ্ধারে যথাসম্ভব চেষ্টা চলছে।’ তবে কোন দল তাঁদের অপহরণ করেছে তা তিনি বলতে পারেননি।
রাঙামাটি পুলিশ সুপার আমেনা বেগম গতকাল বিকেল সাড়ে পাঁচটায় বলেন, বন বিভাগের পক্ষ থেকে তাঁদের জানানোর কথা। তবে এখনো জানানো হয়নি। তাঁরাই যোগাযোগ করছেন।