অপহৃত দুই ছাত্রীকে চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের চার দিন পর দিনাজপুরের খানসামা উপজেলার দুই স্কুলছাত্রীকে গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুর জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। রাত ১২টার দিকে দুই স্কুলছাত্রী ও অপহরণকারী রাশেদুল ইসলামকে (২৪) খানসামা থানায় আনা হয়েছে। রাশেদুল ইসলাম খানাসামা উপজেলার গোবিন্দপুর গুচ্ছগ্রামের হবুল মিয়ার ছেলে।
খানসামা উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৩) ও তার ভাতিজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী (১০) গত সোমবার দুপুরে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়।
এর পর থেকে তারা আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় এক ছাত্রীর বাবা ২২ অক্টোবর খানসামা থানায় অপহরণ মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ সরকার প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদুল ২০ অক্টোবর খানসামা উপজেলা থেকে ওই দুই ছাত্রীকে অপহরণের কথা স্বীকার করেছেন।
জিজ্ঞাসাবাদে রাশেদুল জানিয়েছেন, গত সোমবার খানসামা থেকে ওই দুই ছাত্রীকে অপহরণ করে প্রথমে নীলফামারীর সৈয়দপুরে নিয়ে যান। ওই রাতেই তিনি তাদের গাজীপুর নিয়ে যান। অবশেষে তাদের নিয়ে গাজীপুর শহরে পরিচিত এক ব্যক্তির ভাড়া বাড়িতে ওঠেন। রাশেদুল ঘটনার সঙ্গে জড়িত তাঁর আরেক সহযোগীর নাম পুলিশকে জানিয়েছেন।
খানসামা থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত বলেন, রাশেদুলের মুঠোফোন নম্বরে ট্র্যাকিং করে তাদের অবস্থান নির্ণয় করা হয়। পরে গাজীপুর শহরের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
গতকাল শনিবার সকালে তিনজনকেই দিনাজপুর প্রথম শ্রেণির হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাদের জবানবন্দি গ্রহণ শেষে দুই শিক্ষার্থীকে অভিভাবকদের কাছে হস্তান্তর করেন।
অপর দিকে অপহরণকারী রাশেদুলকে কারাগারে পাঠান। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রাশেদুলকে রিমান্ডে নিতে আবেদন করবেন বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।