অপহৃত দুই ছাত্রের একজন উদ্ধার
নাটোরের অপহৃত দুই মাদ্রাসাছাত্রের একজনকে গত মঙ্গলবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়েছে।
আমিনুলের পরিবার সূত্র জানায়, মঙ্গলবার রাতে অপহরণকারীরা মাইক্রোবাস থেকে আমিনুলকে দাশুড়িয়া বাসস্ট্যান্ডে ফেলে রেখে যায়। স্থানীয় ব্যক্তিরা আমিনুলকে উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেন। খবর পেয়ে তাঁরা আমিনুলকে বাসায় নিয়ে আসেন। উদ্ধারের সময় সে অসুস্থ ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে জানায়, দুর্বৃত্তরা তাকে ও তার সহপাঠী খালেদ সাইফুল্লাহকে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়েছিল। মাইক্রোবাসে ওঠানোর পরপরই তাদের চোখ-মুখ বেঁধে ফেলা হয়। একপর্যায়ে তাকে দাশুড়িয়া বাসস্ট্যান্ডে মাইক্রোবাস থেকে ফেলে রেখে যায়। তবে খালেদ কোথায় আছে, তা সে জানে না।
এদিকে খবর পেয়ে আরেক অপহৃত ছাত্র খালেদ সাইফুল্লাহর পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতেই আমিনুলের বাড়িতে যান।
খালেদের বাবা রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল থেকে অপহরণকারীরা তাদের মুঠোফোন বন্ধ করে রেখেছে। পুলিশ ও র্যা ব তাদের অবস্থান জানাতে পারেনি।
সোমবার সকালে অপহরণকারীরা বড়াইগ্রাম উপজেলার রাজাপুর কওমি মাদ্রাসার আমিনুল ইসলাম (১৩) ও খালেদ সাইফুল্লাহ (১৩) নামের দুই ছাত্রকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশে তাদের ১০ হাজার টাকা পাঠানোও হয়।