অপহৃত দুই তরুণ উদ্ধার, গ্রেপ্তার ৩
জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনার দুর্গম চরাঞ্চল থেকে অপহরণের শিকার দুই তরুণকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত যমুনার বিভিন্ন চরাঞ্চলে ওই অভিযান চালায় র্যাব-১৪। এ সময় চক্রটির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, দুটি ম্যাগাজিন, ১৬ হাজার ৪৫০ টাকা ও পাঁচটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া দুজন হলেন ঢাকার সুইফ টেক্স সুলকান নামের একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মচারী রনি মিয়া (২৪) ও আবদুল আল ফরহাদ (১৯)। তাঁদের বাড়ি ফেনীতে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ গ্রামের সাজ্জাদ হোসেন (২৮), গাইবান্ধার দেলুয়াবাড়ী গ্রামের মো. আনোয়ার হোসেন (২৭) ও মো. বাদল (৩৫)।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জামালপুরে র্যাব-১৪-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার হায়াতুল ইসলাম খান এসব তথ্য জানান। এ সময় র্যাব-১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
হায়াতুল ইসলাম খান বলেন, রোববার ঢাকার সুইফ টেক্স সুলকান নামের একটি এসি মেরামতের প্রতিষ্ঠান থেকে অভিযোগ আসে, প্রতিষ্ঠানটির দুজন কর্মচারীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হচ্ছে। এরপর র্যাবের একটি দল অভিযান চালায়। এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে।
উদ্ধার হওয়া রনি মিয়া বলেন, সাজ্জাদ হোসেন তাঁর মালিক ইয়াকুব আলীর কাছে গত ৩ জানুয়ারি ফোন করে বলেন, তাঁর কারখানার ১৬টি এসি মেরামত করতে হবে। মালিক গত বুধবার তাঁদের দুজনকে জামালপুরে পাঠান। তাঁরা জামালপুর শহর থেকে দেওয়ানগঞ্জে যমুনার তীরবর্তী ফুটানি বাজারে যান। অপহরণকারীরা নদী পার হয়ে তাঁদের কারখানা বলে নৌকায় তুলে নেন। এরপর দুর্গম চরে নিয়ে হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলেন। এরপর মুক্তিপণের টাকার জন্য শুরু হয় নির্যাতন। তাঁদের মুঠোফোন থেকে প্রতিষ্ঠানের মালিক ও আত্মীয়স্বজনদের কাছে ফোন দিয়ে দুই লাখ টাকা চাওয়া হয়। পর্যায়ক্রমে তাঁরা বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা নেন। বাকি টাকার জন্য চলতে থাকে নির্যাতন।
হায়াতুল ইসলাম খান আরও বলেন, অপহরণকারী চক্রটির মূল হোতা সাজ্জাদ হোসেন। তাঁর দলে ছয়জন রয়েছেন। তাঁদের বিরুদ্ধে জামালপুর ও গাইবান্ধার বিভিন্ন থানায় হত্যা, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তাঁরা বিভিন্ন নিবন্ধনহীন সিম কার্ড জোগাড় করেন। তাঁদের মধ্যে ইউনুস আলী ও সাজ্জাদ হোসেন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ওয়েল্ডিং ও এসি মেরামত প্রতিষ্ঠানের মালিকদের মুঠোফোন নম্বর জোগাড় করেন। এরপর তাঁরা কারখানার মেশিন বা এসি মেরামতের জন্য ফোন করে লোক আসতে বলতেন। যাঁরা এই ফাঁদে পা দিতেন তাঁদের যমুনার দুর্গম চরে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলেন তাঁরা।