অপহৃত দুই বৃদ্ধ উদ্ধার অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা সদর ইউনিয়নের গোবিন্দি গ্রাম থেকে গতকাল রোববার সকালে অপহৃত দুই বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ইদ্রিস আলী পাটোয়ারী নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া বৃদ্ধরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার আখিরা গ্রামের আবদুল জব্বার (৬৪) ও ইয়াসিন আলী প্রামাণিক (৬৫)। আর গ্রেপ্তার হওয়া ইদ্রিসের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরখোলাবাড়ি গ্রামে।
সাঘাটা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ইদ্রিস আলী গত ২৮ মার্চ কৌশলে আবদুল জব্বার ও ইয়াসিন আলীকে সাঘাটার গোবিন্দি গ্রামে নিয়ে আসেন। পরে সেখানে তাঁদের আটকে রেখে মুঠোফোনে দুজনের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ওই দুজনের পরিবার ঘটনাটি বগুড়ার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশকে জানায়। মুঠোফোনের সূত্র ধরে বগুড়ার ডিবি পুলিশ ও সাঘাটা থানা-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গত শনিবার রাতে গোবিন্দি গ্রাম থেকে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে দুটি দেশীয় পাইপগান ও ১২টি গুলি উদ্ধার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, গোবিন্দি গ্রাম থেকে গতকাল সকালে অপহৃত ওই দুই বৃদ্ধকে উদ্ধার করা হয়। গতকাল বিকেলে দুই বৃদ্ধকে পরিবারের কাছে দেওয়া হয়েছে।
সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ইদ্রিস চিহ্নিত ডাকাত। তাঁর বিরুদ্ধে সাঘাটা থানাসহ বেশকিছু থানায় ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এ অপহরণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।