অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার, আটক ৪
নাটোর থেকে অপহৃত দুই ব্যবসায়ীকে গতকাল বৃহস্পতিবার ভোরে পাবনার চাটমোহর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় তাঁদের অপহরণ করা হয়।
উদ্ধার হওয়া দুই ব্যবসায়ী হলেন নাটোর সদর উপজেলার মীরপাড়া গ্রামের হেলাল উদ্দিন ও ভবানীপুর গ্রামের মাসুদ পারভেজ।
আটক চার ব্যক্তি হলেন চাটমোহর উপজেলার মাঝগ্রামের হাসিনুর শেখ ও আবদুর রহিম, রতনপুর গ্রামের মুকুল হোসেন এবং মথুরাপুর মণ্ডলপাড়া গ্রামের আবদুল আলিম।
চাটমোহর থানার ওসি সুব্রত সরকার বলেন, অপহরণকারীরা বুধবার সন্ধ্যায় নাটোর থেকে ওই দুই ব্যবসায়ীকে অপহরণ করে চাটমোহর নিয়ে আসেন। এরপর মুঠোফোনে অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিকাশের মাধ্যমে তাঁদের ৬০ হাজার টাকা দেওয়া হয়। এরপর আরও টাকার জন্য চাপ দিলে অপহৃত ব্যক্তিদের স্বজনেরা বিষয়টি নাটোর থানায় জানান। নাটোর থানা থেকে বিষয়টি চাটমোহর থানা-পুলিশকে জানানো হয়।