অপহৃত দুই ভাইয়ের জন্য তিন লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অপহৃত দুই চাচাতো ভাইয়ের জন্য তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ ঘটনায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে অপহৃত ব্যক্তিদের চাচা আবুল বাশার পাটওয়ারী থানায় গত মঙ্গলবার মামলা করেছেন।
অপহৃত ব্যক্তিরা হলেন উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের জাঁখনী গ্রামের মৃত লুৎফুর রহমানের ছেলে মিজানুর রহমান পাটওয়ারী (২৭) ও ফারুক পাটওয়ারীর ছেলে মো. আল-আমিন (১৯)। তাঁরা আপন চাচাতো ভাই। আল-আমিন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। মিজানুর ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি মিজানুর ও আল-আমিন হাজীগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তাঁরা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে তাঁদের খোঁজ করেন। পরে এ ঘটনায় গত ৭ মার্চ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির পর অজ্ঞাতনামা এক ব্যক্তি মালেয়েশিয়া থেকে মুঠোফোনে অপহৃত দুজনকে মুক্তির জন্য চট্টগ্রামের পটিয়া ইসলামী ব্যাংক শাখার ৩৩২৬৬ হিসাব নম্বরে তিন লাখ টাকা জমা দিতে বলেন। পরে আবুল বাশার পাটওয়ারী থানায় গত মঙ্গলবার ওই মামলা করেন। মামলায় পটিয়ার কাগজিপাড়া এলাকার আল আমিন ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। ব্যাংকের ওই হিসাব নম্বরটি তাঁর।
আবুল বাশার জানান, আল আমিন ইসলাম চট্টগ্রাম জজ আদালতে পিয়ন পদে চাকরি করেন। থানায় মামলা হওয়ার পর পটিয়া থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে ঊর্ধ্বতন এক কর্মকর্তার সুপারিশে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ জানান, টাকা নিতে যে হিসাব নম্বরটি দেওয়া হয়েছে, তাতে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। অপহৃত দুজনকে উদ্ধারে সিআইডির সহায়তা চাওয়া হয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ব্যাংকের হিসাব নম্বর ও মুঠোফোনের সূত্র ধরে তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন।