অপহৃত দুই যুবককে গাজীপুর থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকা থেকে দুই যুবককে গাজীপুরে নিয়ে এসে আটক করে গত বুধবার মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ওই দুই যুবককে গতকাল শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের নস্করচালা এলাকা থেকে জখম অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
ওই দুই যুবক হলেন বরগুনার তালতলী উপজেলার গাবতলী এলাকার রফিজ উদ্দিনের ছেলে মো. তুহিন মিয়া (৩০) এবং একই এলাকার নাছির উদ্দিনের ছেলে বছির উদ্দিন (২৯)।
অপহৃতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তুহিন ও বছির কারখানায় চাকরি নেওয়ার জন্য ঢাকার মিরপুর এলাকায় তুহিনের বড় ভাই মো. লিটন মিয়ার বাড়িতে বেশ কিছুদিন ধরে অবস্থান করছিলেন। গত বুধবার সকালে তুহিন ও বছিরের পূর্বপরিচিত এক ব্যক্তি গাজীপুরে একটি কারখানায় চাকরি দেওয়ার কথা বলে তাঁদের নিয়ে আসে। পরে তাঁদের নস্করচালা এলাকায় একটি বাড়িতে নিয়ে আটক করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তাঁরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের দুজনকে বেদম মারধর করা হয়। গত বুধবার রাত হয়ে গেলেও তাঁরা বাড়িতে না ফেরায় লিটন মিয়া বাদী হয়ে মিরপুর-২ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অপহরণকারীরা মুক্তিপণ না পেয়ে তাঁদের গুরুতর জখম করে নস্করচালার একটি রাস্তার পাশে ফেলে রাখে। এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লিটন জানান, তুহিন ও বছিরের কাছ থেকে অপহরণকারীরা মুক্তিপণ না পেয়ে তাঁদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করেছে।