অপহৃত দুবাইপ্রবাসীকে মোহাম্মদপুর থেকে উদ্ধার

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে অপহৃত দুবাইপ্রবাসী নাজমুল ইসলামকে (২৩) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বাবর রোড এলাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়। আজ শুক্রবার র্যাব ২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে অপহরণের ঘটনাসংক্রান্ত কয়েকটি অভিযোগের ভিত্তিতে র্যাব-২-এর একটি বিশেষ গোয়েন্দা দল তদন্ত শুরু করে। এতে জানা যায়, অপহৃত ব্যক্তিকে আটক রেখে আত্মীয়স্বজনের কাছ থেকে ব্যাংক, বিকাশ ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মুক্তিপণের অর্থ আদায় করে ভিকটিমকে ছেড়ে দেয় অপহরণকারীরা। মূলত তারা একটি সংঘবদ্ধ দলে কাজ করে।
গতকাল বৃহস্পতিবার নাজমুল ইসলামকে বিমানবন্দর থেকে বের হওয়ার পর অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। গতকাল রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের বাবর রোড এলাকায় অভিযান চালায় র্যাব। সেখানে ফয়সাল ও নিশাদ নামের দুজন অপহরণকারীকে আটক করার পাশাপাশি অপহৃতকে উদ্ধার করে র্যাব।