অপহৃত নারীকে উদ্ধার, তিনজন গ্রেপ্তার
এক নারী সংগীতশিল্পীকে অপহরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে রাজধানীর মোহাম্মদপুর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই নারীকে।
পুলিশ বলেছে, গত সোমবার দুপুরে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান থেকে ওই নারীকে (৫০) মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তাঁর বোনের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। মুক্তিপণের ফোন পেয়ে স্বজনেরা মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই ডায়েরির ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে মুন্সিগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালালউদ্দীন মীর বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে শুধু মুক্তিপণ আদায়ের জন্যই তাঁকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় দীন ইসলাম, হান্নান ও টেংকু নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহরণের বিষয়ে ওই নারীর ভগ্নিপতি বাদী হয়ে গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেছেন।