অপহৃত প্রবাসী উদ্ধার, আটক ২
লক্ষ্মীপুরে অপহৃত প্রবাসী নুর আলমকে (৩৫) উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানার পুলিশ। অপহরণের তিন দিন পর আজ রোববার ভোরে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার একটি মাছের খামার থেকে তাঁকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় রুবেল হোসেন ও জাহাঙ্গীর আলম ওরফে জহির নামে দুজনকে আটক করেছে পুলিশ। রুবেল মজু চৌধুরীর হাটের বিকাশ এজেন্ট এবং জাহাঙ্গীর আলম চরমনীমোহন ইউনিয়নের চর আলী হোসেন গ্রামের বাসিন্দা।
অপহৃতের ভাই শাহ আলম বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ভাই নুর আলম দেওপাড়ার নিজ বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজারে যাওয়ার পর নিখোঁজ হন। শুক্রবার সকালে তাঁর ভাইয়ের মোবাইল থেকে ফোন করে বলা হয়, তাঁর ভাই বিপদে পড়েছেন। বিকাশে ২০ হাজার টাকা পাঠাতে হবে। পরে অপহরণকারীদের দেওয়া একটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠানো হয়। ওই টাকা পাঠানোর পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে তিনি শনিবার দুপুরে চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিকাশে টাকা পাঠানোর সূত্র ধরে আজ ভোররাতে পুলিশ নুর আলমকে উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, শনিবার দুপুরে প্রবাসীর ছোট ভাই শাহ আলম চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ তাঁকে উদ্ধারের জন্য অভিযান চালায়। আটক দুজনকে লক্ষ্মীপুর সদর থানায় পাঠানো হয়েছে।